বগুড়ায় হামের উপসর্গ নিয়ে রাইয়ান নামে ১০ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইয়ান বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার বাসিন্দা আতিকুল ইসলামের ছেলে।হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ জানান, গত ১৭ এপ্রিল শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। আগে থেকেই সে সেরিব্রাল পালসি, ব্রঙ্কো নিউমোনিয়া ও হার্ট ফেইলরসহ একাধিক জটিল রোগে ভুগছিল। পরে শরীরে জ্বর ও র্যাশ দেখা দিলে তাকে হামের জন্য নির্ধারিত বিশেষ আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নমুনা পরীক্ষার ফল এখনো না আসায় এটিকে নিশ্চিতভাবে হামে মৃত্যু বলা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের পরিস্থিতি সামাল দিতে ৫০ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। গত কয়েক সপ্তাহে সেখানে ১৮৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৩৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ঢাকায় পাঠানো ১২৩টি নমুনার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।এর আগে একই ওয়ার্ডে হুমায়রা নামে আরও এক ১০ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছিল। ফলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল দুইজনে। এছাড়া ল্যাব পরীক্ষায় একজন শিশুর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।চিকিৎসকরা বলছেন, হাসপাতালে শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ ও এনআইসিইউ সুবিধা না থাকায় জটিল রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ কারণে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলসহ শিশুদের জন্য বিশেষ নিবিড় পরিচর্যা ইউনিট চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: