বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক নারীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি তাদের প্রকাশিত নয় এবং এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদের।.
জানা গেছে, গত রোববার (৭ জুন) বগুড়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেহা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করে ডিএনসি। এ সময় তার স্বামী মো. আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান।.
অভিযানের পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতার নারীর ছবি প্রকাশ করা হলেও তার মুখমণ্ডল ঝাপসা (ব্লার) করে দেওয়া হয়েছিল। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি এআই-নির্ভর ফেসবুক আইডি ও পেজে ওই নারীর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি আকর্ষণীয় ছবি প্রকাশ করা হয়। ছবিটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে শেয়ার হতে থাকে।.
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “আমরা গণমাধ্যমে যে ছবি সরবরাহ করেছি, সেখানে নারীর মুখমণ্ডল ব্লার করা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এআই প্রযুক্তিতে তৈরি ছবিটি আমাদের দেওয়া নয়। যারা এটি তৈরি ও প্রচার করেছে, দায়ভার তাদের।”.
এআই প্রযুক্তিতে তৈরি ছবিতে নারীর চেহারা ও সৌন্দর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য, আলোচনা ও সমালোচনা দেখা গেছে। অনেকেই ছবিটির সত্যতা যাচাই না করেই শেয়ার করেছেন বলে অভিযোগ উঠেছে।.
ডিএনসি সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছিল। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: