• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার ধুনটে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৫ পিএম
বগুড়ার ধুনটে জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে খাদিজা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ধুনট থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।.

গত সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। আহত খাদিজা খাতুন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।.

ভুক্তভোগী জানান, একই এলাকার মৃত মান্না মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০), তার স্ত্রী বিলকিস খাতুন (৩৫) ও মেয়ে সৃষ্টি খাতুন (১৮) জমি বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের চলাচলের একমাত্র পায়ের রাস্তায় বেড়া ও গাছের কাঁটা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় রাস্তায় বেড়া দেন।.

খাদিজা আরও জানান, ওই দিন বিকেলে অভিযুক্তরা তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি নিষেধ করলে তারা তাকে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ফজলু মিয়া বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার ডান গাল ফেটে রক্তাক্ত হয়।.

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন।.

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ