অনলাইন সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্ম অনলিফ্যানসের মালিক লিওনিদ রাডভিনস্কি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তিনি জীবন শেষ করেছেন। পরিবার তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।
ইউক্রেনে জন্ম নেওয়া এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বেড়ে ওঠা রাডভিনস্কি ২০১৮ সালে অনলিফ্যানসের মালিক হন। তার নেতৃত্বে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বিশেষ করে করোনা মহামারির সময় সাবস্ক্রিপশনভিত্তিক এই প্ল্যাটফর্ম দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
অনলিফ্যানস ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম, যেখানে ব্যবহারকারীরা কনটেন্ট নির্মাতাদের ছবি, ভিডিও ও লাইভ সম্প্রচার দেখার জন্য অর্থ প্রদান করেন। প্ল্যাটফর্মটি মূলত প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য পরিচিত।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অনলিফ্যানসের বার্ষিক আয় ছিল প্রায় ১.৪ বিলিয়ন ডলার এবং মোট লেনদেনের পরিমাণ ৭ বিলিয়ন পাউন্ডেরও বেশি। প্রায় ৩৭ কোটি ৭০ লাখ গ্রাহক এবং ৪৬ লাখের বেশি কনটেন্ট নির্মাতা এতে সক্রিয় ছিলেন।
প্ল্যাটফর্মটি জনপ্রিয়তার পাশাপাশি কিছু বিতর্কেও জড়িয়েছে। শিশুদের জন্য অনুপযুক্ত কনটেন্টের অভিযোগে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা তদন্ত চালায় এবং তথ্য প্রদানের অসংগতির কারণে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
লিওনিদ রাডভিনস্কি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। জীবনের শেষ সময়ে তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস করছিলেন এবং তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪.৭ বিলিয়ন ডলার।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: