বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার আসকোলা গ্রামের পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ফার্মের এক কর্মচারী জানান, বাঘোপাড়া বন্দরে আড্ডা শেষে চা খেয়ে সাইফুল ইসলাম তার সঙ্গে বাড়ির দিকে ফিরছিলেন। পথে ৩-৪ জন পরিচিত মুখের দুর্বৃত্ত তাদের পথরোধ করে। একপর্যায়ে বাকবিতণ্ডার পর দুর্বৃত্তরা সাইফুল ইসলামকে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: