• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

উদ্বোধনী ম্যাচ দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী বিপিএল


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম
উদ্বোধনী ম্যাচ দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী বিপিএল
ছবি: আজকের বগুড়া ডেস্ক

পুরুষদের বিপিএলের সাফল্যের ধারাবাহিকতায় এবার নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বহুল প্রতীক্ষিত নারী বিপিএল।.

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রাথমিকভাবে তিনটি দল অংশ নেবে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।.

সূচি অনুযায়ী, ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুর ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে। আবহাওয়াজনিত কোনো কারণে ফাইনাল ম্যাচ বিঘ্নিত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।.

নারী বিপিএলকে ঘিরে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণকেন্দ্র বগুড়ায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানান, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ চলছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার ও স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের কাজও শুরু হয়েছে।.

টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে কয়েকজন বিদেশি ক্রিকেটার অংশ নেবেন বলে জানা গেছে। প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে বিসিবির। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য দর্শকদের টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।.

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়াবাসীর মধ্যে নারী বিপিএল আয়োজনকে ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মতে, এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও বড় ক্রিকেটের আমেজ ফিরে আসবে। পাশাপাশি ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবিও জানিয়েছেন ক্রীড়ামোদীরা।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ