বগুড়ায় হামের উপসর্গে ১০ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে আইসোলেশনে আরও ১০ শিশু.
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোররাতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশু হুমায়রা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৩১ মার্চ) হামের উপসর্গ দেখা দিলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।.
শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির শরীরে হামের লক্ষণ ও র্যাশ ছিল। ভর্তির পর তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালে হামের উপসর্গযুক্ত রোগীদের জন্য পৃথক একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে বর্তমানে ১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।.
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।.
এদিকে মৃত শিশুটির নমুনা সংগ্রহের বিষয়ে ডা. মনজুর-এ-মুর্শেদ বলেন, চিকিৎসকরা নমুনা সংগ্রহ করতে চাইলেও অভিভাবকদের অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। অভিভাবকের সম্মতি ছাড়া নমুনা সংগ্রহের বিধান নেই।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: