বগুড়ার ধুনট উপজেলায় এক অটোরিকশা চালককে অচেতন করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে ধুনট-সোনামুখী সড়কের ইছামতি নদীর সোনামুখী ব্রিজ সংলগ্ন একটি কাঠগাছের বাগান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। আহত ওই চালকের নাম ময়দান আলী (৪০)। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের শেপার আলীর ছেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি মাঝে মধ্যে জ্ঞান ফিরে পেলেও আবার অচেতন হয়ে পড়ছেন। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৯টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ময়দান আলী। এরপর দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনামুখী ব্রিজ এলাকার একটি বাগানে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ছবি দেখে তাকে শনাক্ত করেন। তবে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কৌশলে তাকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: