ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করা হয়।.
রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি পরে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার হেফাজতে নেওয়া হয়। নিহতের বয়স ও পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।.
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান, মরদেহের ঘাড়ে আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে ভ্রমণের সময় কোনো স্থাপনা বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অথবা চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।.
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।.
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদ ভ্রমণের স্বার্থে ট্রেনের ছাদে বা ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।.
Ajker Bogura / মুরাদ হাসান
আপনার মতামত লিখুন: