• ঢাকা
  • সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তেল সংকটে অ্যাম্বুল্যান্স অচল, চিকিৎসা না পেয়ে প্রাণহানি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তেল সংকটের কারণে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ থাকায় সময়মতো চিকিৎসা না পেয়ে এক গুরুতর আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।.

 .

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আহত হন স্থানীয় বাসিন্দা খোকা মিয়া (৬০)। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।.

 .

সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সে সময় সরকারি অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা সম্ভব হয়নি। ফলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।.

 .

স্বাস্থ্য কমপ্লেক্সে টানানো একটি নোটিশে জানানো হয়, জাতীয় পর্যায়ে তেল সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে।.

 .

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার রুহুল আমিন বলেন, “তেলের ব্যবস্থা করার চেষ্টা চলছে, তবে এখনো সম্ভব হয়নি।” জরুরি বিভাগের চিকিৎসক অয়ন মন্ডল জানান, “রোগীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছিল। পরে রেফার করা হলেও অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় সময়মতো নেওয়া যায়নি।”.

 .

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, তেল সংকটের কারণে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে এবং দ্রুত তেলের ব্যবস্থা করতে পাম্প মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।.

 .

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ থাকা স্বাস্থ্য ব্যবস্থাপনার বড় ধরনের অব্যবস্থাপনার প্রমাণ। তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ