নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বগুড়ার নন্দীগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।.
রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।.
পরবর্তীতে আলপুনিয়া গ্রামে একটি বিস্কিট ও চানাচুর তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই অনুমোদন ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে আইলপুনিয়া গ্রামের মোছা. রেনুকা বেগম (৫০)-কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।.
এছাড়াও জ্বালানী তেলের মজুদ, বিতরণ ও ব্যবস্থাপনা তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এসময় মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ, গ্রাহকদের বিক্রির রশিদ প্রদান, অতিরিক্ত দামে জ্বালানী বিক্রি না করা এবং সরকার নির্ধারিত সীমা বজায় রেখে বিক্রি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।.
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুছা সরকার। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম।.
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / মোঃ মামুন আহমেদ
আপনার মতামত লিখুন: