বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের ভেতরেই পকেটমারের শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নের মুখে পড়েছে।
ভুক্তভোগী কর্মকর্তা সৌরভ, যিনি উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত। তিনি জানান, ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে ভিওআইপি ডিউটির দায়িত্ব পালনের জন্য তিনি এসপি কার্যালয়ে আসেন।
তার ভাষ্য অনুযায়ী, কার্যালয়ের রিসেপশনে প্রয়োজনীয় কাজের সময় তিনি পকেট থেকে মানিব্যাগ বের করে একটি ছবি তোলেন। পরে অফিসিয়াল কার্যক্রম শেষে খেয়াল করে দেখেন, তার পকেটে আর মানিব্যাগটি নেই।
খোয়া যাওয়া মানিব্যাগে নগদ প্রায় ৫ হাজার টাকা, একটি ব্যাংকের এটিএম কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলে তিনি জানান।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: