বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা (ভাঙ্গনপাড়া) এলাকার মোখলেছার রহমানের ২১ বছর বয়সী মেয়ে গত ৯ জুন তার পরিচিত মো. আতিকুল ইসলামের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় বান্ধবী মোছা. জুঁই খাতুনের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে মারধর করে।.
অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা আতিকুল ইসলাম ও ওই তরুণীকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে সারিয়াকান্দি উপজেলার চরহরিণা এলাকায় আতিকুল ইসলামকে আটকে রেখে তরুণীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।.
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।.
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে সারিয়াকান্দি থানা পুলিশ ও বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।.
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: