বগুড়াকে উত্তরাঞ্চলের আধুনিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ভবিষ্যতে বগুড়া রেলস্টেশনকে ঢাকার মেট্রোরেল স্টেশনের আদলে আধুনিকভাবে নির্মাণ করা হবে। একই সঙ্গে শহরের ভেতরের রেলপথকে এলিভেটেড বা উড়াল কাঠামোয় উন্নীত করে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।.
সম্প্রতি বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, রানীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে শহরের ব্যস্ত এলাকায় আর কোনো রেলগেট থাকবে না, ফলে যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে।.
প্রতিমন্ত্রী জানান, বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। প্রকল্পটি অনুমোদন পেলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।.
তিনি আরও বলেন, নতুন রেলস্টেশনটি হবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুতল স্থাপনা। যাত্রীসেবা, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থায় থাকবে যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার। উড়াল রেলপথের নিচের অংশ সড়ক বা অন্যান্য জনসেবামূলক কাজে ব্যবহারের সুযোগও সৃষ্টি হবে।.
মীর শাহে আলম বলেন, রেল যোগাযোগের পাশাপাশি বগুড়ার সার্বিক উন্নয়নে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, ফুটবল স্টেডিয়াম, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠনের উদ্যোগ নিয়েও সরকার কাজ করছে।.
সংশ্লিষ্টদের মতে, ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বগুড়া উত্তরবঙ্গের অন্যতম আধুনিক নগরীতে পরিণত হতে পারে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: