• ঢাকা
  • শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঈদের আনন্দ ম্লান: ২৪ ঘণ্টায় সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জনই মোটরসাইকেল আরোহী


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদের আনন্দঘন মুহূর্তেও দেশের বিভিন্ন জেলায় থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে ১০ জনই ছিলেন মোটরসাইকেলের চালক বা আরোহী। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু ও দুই কিশোরও।

গোপালগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল, দিনাজপুর ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় ঘটে এসব মর্মান্তিক দুর্ঘটনা। অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে বেপরোয়া গতি, মুখোমুখি সংঘর্ষ এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে।সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জে। ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরও অন্তত ২৫ জন আহত হন। নিহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী ও বাসের যাত্রীও ছিলেন। হাসপাতালে নেওয়ার পর এক শিশুকেও মৃত ঘোষণা করা হয়।পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ হারায় দুই কিশোর। নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন দুই তরুণ। ফরিদপুরের ভাঙ্গায় আলাদা দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় তিনজনের। নড়াইলেও বাসের সঙ্গে সংঘর্ষে মারা যান এক তরুণ মোটরসাইকেল আরোহী।অন্যদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয় দুই শিশু। আহত হন তাদের দুই মা। মাদারীপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে প্রাণ হারান আরেক যাত্রী।ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি যানবাহন, অতিরিক্ত গতি, অসতর্ক চালনা ও ট্রাফিক আইন না মানার প্রবণতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।স্বজন হারানো পরিবারগুলোর ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ