যশোরে মাদক তৈরির কাঁচামাল বহনের সময় শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।.
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মণিহার এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাসের বক্স তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়, যা দিয়ে ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা হয়।.
আটক নারী সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব কাঁচামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌঁছে দিতে বলেছিলেন। এর বিনিময়ে তাকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি আইফোন বা মোবাইল ফোন দেওয়ার কথা ছিল।.
পুলিশ জানায়, জব্দ করা কাঁচামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় অভিযুক্ত নারী ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: