• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দত্তবাড়ি এলাকায় বাড়ছে মাদক ও ছিনতাই, নিয়মিত টহল জোরদারের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা দত্তবাড়ি ও কালিতলা বর্তমানে মাদক কারবারি, পকেটমার, ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সদর থানা ও ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির মাঝামাঝি অবস্থিত দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দেওয়া এক আবেদনে উল্লেখ করা হয়েছে, বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি ও কালিতলা এলাকায় ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী দত্তবাড়ি মন্দির, কালিতলা মসজিদ ও কালিতলা হাট থাকায় প্রতিদিন বিপুল মানুষের সমাগম ঘটে। আর এই জনসমাগমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পকেটমার ও ছিনতাইকারী চক্র সাধারণ মানুষের পকেট কাটা, মোবাইল ফোন চুরি, ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার মতো অপরাধ সংঘটিত করছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বড়গোলা থেকে কালিতলা পর্যন্ত বিস্তৃত এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে নারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সচেতন মহল বলছেন, বাংলাদেশ দণ্ডবিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এসব অপরাধ গুরুতর দণ্ডনীয় অপরাধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ছাড়া এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত পুলিশ ও ডিবির টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের তালিকা প্রস্তুত, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সিএনজি স্ট্যান্ডে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। একইসঙ্গে অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতি, পরিবহন শ্রমিক ও সাধারণ নাগরিকদের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দত্তবাড়ি-কালিতলা এলাকা আরও বড় ধরনের অপরাধপ্রবণ অঞ্চলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ