• ঢাকা
  • বুধবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বাবার হাতেই অপহরণ, মুক্তিপণ দাবির নাটক: জীবিত উদ্ধার শিশু সিয়াম


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২০ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকেই অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। তবে পুলিশের দ্রুত অভিযানে অপহৃত শিশু সিয়াম (৮)কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত বাবা মো. আজিজুল (২৮) তার এক সহযোগী মো. আক্তারকে (২৬) নিয়ে শিশুটিকে অপহরণ করে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে সিয়ামের হাত বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পরপরই জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে নামে। রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানকালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে পাঠিয়ে অর্থ আদায়ের পরিকল্পনা করে অভিযুক্ত বাবা।
এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ