• ঢাকা
  • শুক্রবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সীমানা বাড়লো, অন্তর্ভুক্ত হলো ৮ টি নতুন এলাকা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৬ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত জাতীয় প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নিকার বৈঠকে শিবগঞ্জ পৌরসভায় নতুন করে আরও ৮টি এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন এবং মোকামতলাসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের বিষয়েও অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ পৌরসভার সঙ্গে যুক্ত হওয়া এলাকাগুলো হলো— পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্ন্যাসী, ধোন্দাকোলা মৌজা এবং আঁচলাই ও নাটমরিচাই মৌজার অবশিষ্ট অংশ।
এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর শিবগঞ্জ পৌরসভা ও নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, পৌরসভার পরিধি বৃদ্ধির ফলে এসব এলাকায় নাগরিক সুবিধা আরও বাড়বে।
বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য পৌরসেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভা উত্তরাঞ্চলের একটি আধুনিক ও উন্নত নগর এলাকায় পরিণত হবে বলেও মত দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোকে পুনর্বিন্যাস করে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদিত হওয়ায় শিবগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এর মাধ্যমে শিবগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।”
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান বলেন, “পৌরসভা সম্প্রসারণের এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানাচ্ছি।”
নিকার বৈঠকে মোকামতলা নতুন উপজেলা গঠন এবং শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের সিদ্ধান্তকে বগুড়া-২ আসনের জনগণ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ সিদ্ধান্ত এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.

.

Ajker Bogura / টি এম

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ