জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম (মিতু) সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের ৩১ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য তুলে ধরেছেন। এর পাশাপাশি তাঁর নামে রয়েছে ৩০ ভরি স্বর্ণালংকার। তবে গাড়ি, বাড়ি কিংবা জমিসহ কোনো স্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। হলফনামার তথ্যমতে, ৩৭ বছর বয়সী মাহমুদা আলম এমবিবিএস সম্পন্ন করেছেন এবং পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা পেশা থেকে তাঁর বার্ষিক আয় ৩ লাখ টাকা বলে দেখানো হয়েছে।তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ, ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা, এবং ১ লাখ ৫৩ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য। এর বাইরে আলাদাভাবে ৩০ ভরি স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করেছেন তিনি।অন্যদিকে, তাঁর স্বামী ডা. মো. মাহবুবুর রহমানের নামেও রয়েছে ৬১ লাখ ৬ হাজার ২১৩ টাকার অস্থাবর সম্পদ। এর মধ্যে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা নগদ, ১ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা ব্যাংকে জমা, ১ লাখ ১২ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, এবং ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।মাহমুদা আলম ও তাঁর স্বামীর কারও নামেই কৃষি বা অকৃষিজমি, বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা অন্য কোনো স্থাবর সম্পদ নেই, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায় সক্রিয় মাহমুদা আলম এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। আগে ঝালকাঠি-১ আসনে মনোনয়ন পেলেও জোটগত সমঝোতায় নির্বাচন না করা এই নেত্রী এবার সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে যাচ্ছেন।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: