চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ব্যতিক্রমধর্মী অভিযোগ ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর মুখের দুর্গন্ধকে কেন্দ্র করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক স্ত্রী, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে।.
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পারভীন আক্তার (৫০), স্বামী ছেরাগ আলী, সাং রাগৈ (সুদুর বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত ছেরাগ আলী (৮০), পিতা মৃত কালু মিয়া, একই গ্রামের বাসিন্দা।.
লিখিত অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন যে, বিবাদী তার স্বামী এবং তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, ছেরাগ আলীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় তিনি বারবার মুখ পরিষ্কার করার জন্য অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন।.
পারভীনের ভাষ্যমতে, স্বামীর মুখের দুর্গন্ধ এতটাই তীব্র যে একই ঘরে অবস্থান করাও তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি স্বামীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেও এতে কোনো ফল পাওয়া যায়নি। বরং এ বিষয়ে কথা বললেই স্বামী ক্ষিপ্ত হয়ে গালমন্দ ও মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।.
বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্বামীর মুখের দুর্গন্ধের কারণে ঘরে স্বাভাবিকভাবে বসবাস করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করেন পারভীন আক্তার। এ অবস্থায় তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।.
এ ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে ব্যতিক্রমধর্মী ও হাস্যকর হিসেবে দেখলেও, স্থানীয় সচেতন মহল বলছে—এটি আসলে পারিবারিক নির্যাতনের একটি ভিন্ন রূপ, যা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।.
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: