• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আম পাড়ার শাস্তি, শিক্ষার্থীদের জুতার মালা পরানোয় ক্ষোভ; শিক্ষিকা সাসপেন্ড


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয় ঘোরানোর ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। জানা গেছে, গত ২৮ এপ্রিল বিদ্যালয় ক্যাম্পাসের একটি আমগাছ থেকে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী দুটি করে আম পেড়ে খায়। পরদিন প্রধান শিক্ষিকা তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ও বারান্দায় ঘোরান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের প্রকাশ্যে অপমান করার মাধ্যমে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এটি প্রাথমিক ব্যবস্থা; পরবর্তীতে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।যে.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ