বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে স্বর্ণগ্রাম, সীমান্ত ও দীগন্ত নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে। একই সঙ্গে মোকামতলা পৌরসভা গঠনের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পৌরসভার অনুমোদন কার্যকর হলে উপজেলা প্রশাসন ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পূর্ণাঙ্গ কাঠামো লাভ করবে।
রোববার (১৪ জুন) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের সূত্র জানায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন তিনটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ইউনিয়নগুলো কার্যকর হলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মোকামতলা পৌরসভা গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক অনুমোদন জারি করা হবে। পৌরসভা কার্যকর হলে এলাকায় পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন এবং আধুনিক পৌরসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ইউনিয়ন ও পৌরসভা গঠনের মাধ্যমে মোকামতলা উপজেলায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও শক্তিশালী হবে। এতে স্থানীয় জনগণকে বিভিন্ন সরকারি সেবা পেতে জেলা বা দূরবর্তী এলাকায় যেতে হবে না এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও গতি আসবে।
স্থানীয় বাসিন্দারা নতুন ইউনিয়ন ও সম্ভাব্য পৌরসভা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগ মোকামতলাকে একটি আধুনিক ও সুশৃঙ্খল প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: