নবগঠিত বগুড়া সিটি করপোরেশন–এর প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এম আর ইসলাম স্বাধীন। এর মধ্য দিয়ে বগুড়ার সিটি করপোরেশন হিসেবে প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। মঙ্গলবার (১৯ মে) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষর করেন। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরদিন সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের স্বাক্ষরিত সরকারি গেজেটের মাধ্যমে বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। নতুন এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: