রোববার বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যা দলের নিয়ম ও শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।.
এর আগে রোববার সকালে আশরাফুল ইসলাম ঢাকার একটি আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন। মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করে বিএনপি নেতা মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।.
মামলার প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মামলাটি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যের অভিযোগে।.
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।.
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য ভাইরাল হয়। এতে মির্জা আব্বাসের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে এবং তার রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: