মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আকাশসীমা বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার (৪ মার্চ) অন্তত ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।.
কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই, আবু ধাবি, শারজাহ ও দোহার আকাশসীমা ও বিমানবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। আজকের বাতিল হওয়া আসার তালিকায় ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার অ্যারাবিয়ার তিনটি ফ্লাইট। অন্যদিকে যাওয়ার তালিকায় ছিল বিমানের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার অ্যারাবিয়ার তিনটি ফ্লাইট।.
বিপর্যয়ের মধ্যেও কিছু আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালিত হয়েছে। মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট সকাল ৭টা ৫৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টায় যাত্রী নিয়ে পুনরায় মাসকাটের উদ্দেশে উড্ডয়ন করে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনাগামী একটি ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাসকাট থেকে আসা আরও একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ ও প্রস্থান করেছে।.
বিমানবন্দর কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বিপর্যয় শুরু হয়েছে। বুধবারের ১১টিসহ এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইট সূচি হালনাগাদ করা হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: