ঢাকা, রোববার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।.
সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।.
সংসদের কার্যসূচি অনুযায়ী, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।.
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় এবং সে অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। সংসদের কার্যক্রম পরিচালনায় স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।.
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .
Ajker Bogura /
আপনার মতামত লিখুন: