• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

করতোয়া নদীর তীরে ডিবির অভিযান: রকি, রাকিবসহ ৩ জন আটক, অস্ত্র-মাদক ও শকার মেশিন উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৫ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : সেলিম

বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার পেছনে করতোয়া নদীর তীরবর্তী জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের তিন সদস্যকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, একটি বিদেশি রিভলবার, মাদকদ্রব্য, নগদ টাকা, মোবাইল ফোন এবং ২৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি ইলেকট্রিক শকার মেশিন উদ্ধার করা হয়েছে।.

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে চক্রটির মূল হোতা রকি, তার সহযোগী রাকিব এবং আরও একজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় নদীপথ ব্যবহার করে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।.

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের সদস্যরা পলিথিন ও চটের বস্তা দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে করতোয়া নদীর তীরবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিল। সেখানেই তারা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র মজুত রেখে মাদক ব্যবসা, অপহরণ এবং হানিট্র্যাপসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। ডিবির দাবি, টিএমএসএস পেপার মিলের পেছনের নদীপাড় ও আশপাশের বাগান এলাকাকে তারা অপরাধের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছিল।.

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে তিনটি চাইনিজ কুড়াল, একটি বিদেশি রিভলবার, মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি ২৫ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক শকার মেশিন।.

ডিবি পুলিশ জানিয়েছে, আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। বগুড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের গোয়েন্দা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ