• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নিজের নামে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ–মোকামতলা) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নামে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ না নিতে শিক্ষা সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।২০২৬ সালের ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক আধা-সরকারি (ডিও) পত্রে প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান।পত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ব্যক্তি নিজেদের উদ্যোগে ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাঁর নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব পাঠাচ্ছেন, যা তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, পরিচিতি ও স্বাতন্ত্র্য বজায় রাখাই অধিকতর গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।প্রতিমন্ত্রী জানান, শিবগঞ্জ–মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি দান, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন তিনি। তাঁর সহযোগিতায় বিভিন্ন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন করা হয়েছে।এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ি মীরবাড়ি সরকারি এতিমখানা, বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়, বেতগাড়ি মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয়, তিয়াইল মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।ডিও পত্রে তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন, এসব প্রতিষ্ঠানের বাইরে তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব যেন গ্রহণ বা অনুমোদন না করা হয়। একই সঙ্গে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো নাম ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।.

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ