বগুড়ার মাটিডালী এলাকায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ফাহিম (২৫) নামে এক ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মাটিডালী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের বোনকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ফাহিমের ওপর অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম স্থানীয় একটি ঢালাই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: