বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা আইনজীবী সমিতির নিবন্ধিত আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইরের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী মোঃ আবু নাসির।রোববার (৩ মে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আবু নাসির, যিনি বগুড়ার মাটিডালী এলাকার “টয়োটা মোটরস”-এর স্বত্বাধিকারী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নগদ ও কিস্তিতে গাড়ি ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক বিভিন্ন আইনি সহায়তার জন্য ২০২৩ সালের ১১ এপ্রিল বগুড়া বারের নিবন্ধিত আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইরের সহযোগিতা নেন।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পেশাগত সম্পর্কের এক পর্যায়ে তার প্রতিষ্ঠানের স্বাক্ষরকৃত কিছু প্যাড ও লিগ্যাল ডকুমেন্ট আইনজীবীর কাছে থেকে যায়। পরে সেই নথিপত্র ব্যবহার করে ২০ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে একটি ২০০৭ মডেলের প্রিমিও গাড়ি ক্রয়ের ভুয়া কাগজপত্র তৈরি করা হয় বলে অভিযোগ করেন তিনি। আবু নাসির আরও বলেন, আইনজীবীর সম্মানী বিভিন্ন সময় নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করার পরও তার বিরুদ্ধে ২৭ লাখ টাকা পাওনার দাবি তুলে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার হয়ে জেল হাজতেও যেতে হয় বলে জানান তিনি।তিনি অভিযোগ করেন, জামিনে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় গাড়ি উদ্ধারের মামলা করা হয় এবং একতরফা আদেশে গাড়িটি পুলিশ জব্দ করে ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে নেয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তিনি গাড়িটি পুনরায় জিম্মায় পান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংশ্লিষ্ট মামলার পুলিশ প্রতিবেদনে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর এ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর আদালতে নারাজি আবেদন করেন এবং নিজেকে অপহরণ ও আহত করার অভিযোগ তুলে নতুন একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলেও জানান আবু নাসির।তিনি অভিযোগ করে বলেন, “মানববন্ধনের নামে সাজানো নাটক মঞ্চস্থ করা হয়েছে” এবং সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী মোঃ আবু নাসির।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: