বগুড়ার সাতমাথা এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ২ হাজার শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এ কর্মসূচির আয়োজন করে।“দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চাই” স্লোগানে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়ার প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীর সংখ্যা ধারণক্ষমতার কয়েকগুণ বেশি হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশ, নষ্ট আইসিইউ সরঞ্জাম এবং সীমিত চিকিৎসা সুবিধার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। মানববন্ধনে হাসপাতালটিকে ২ হাজার শয্যায় উন্নীত করা, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, আইসিইউ, সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি ও কেমোথেরাপি ইউনিট সম্প্রসারণসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালকে অবহেলায় রাখা হলে জনস্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়বে। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক, সামাজিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করে বলেন, শুধু আশ্বাস নয়—এবার বাস্তব উন্নয়ন দেখতে চায় বগুড়াবাসী।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: