• ঢাকা
  • শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গলার চেইন ছিনিয়ে নিতে, ৪ বছরের শিশুকে হত্যা করে চুলায় লাশ লুকাল প্রতিবেশী


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ চার বছর বয়সী এক শিশুর লাশ প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।.

নিহত শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির মেয়ে। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি।.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। না পেয়ে পরিবারের লোকজন দিনভর হন্যে হয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতরে লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই প্রতিবেশী ও তার ১৬ বছর বয়সী কিশোর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।.

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘কিশোরটি নেশাগ্রস্ত। শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’.

পুলিশ সূত্র জানায়, মরিয়ম আক্তারের গলায় ১২ আনা ওজনের রুপার একটি চেইন ছিল। নেশার টাকার জন্য সেই চেইন ছিনিয়ে নিতে চেষ্টা করে ওই কিশোর। শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে নিজেদের রান্নার চুলার ভেতর ঢুকিয়ে রাখে। পরে সেই রুপার চেইন আঠারবাড়ি বাজারের একটি দোকানে নিয়ে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করে।.

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘শিশুটির গলায় থাকা রুপার চেইনের জন্য হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরকে আমরা হেফাজতে নিয়েছি। তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ