বগুড়ার ফুলবাড়ি এলাকায় অবস্থিত “তাজ ফুড” এর সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। পচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই তৈরি ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, ডালডা গলিয়ে ব্যবহার, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রীর অনুপস্থিতি এবং কোনো প্রকার মান সনদ ছাড়াই অনিবন্ধিতভাবে উৎপাদন কার্যক্রম চালানোর বিষয়টি ধরা পড়ে। এছাড়া অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট “তাজ ফুড” কারখানাকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দ করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়েছে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: