রোববার দেশটির শীর্ষ আলেমরা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর পড়ল।.
ফাইল ছবি: মোরতজা নিকুবাজল/নুরফটো.
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (৯ মার্চ) দশম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা।.
এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাত ধীরে ধীরে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।.
এরই মধ্যে রোববার মোজতবা খামেনিকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে ইরান।.
নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশে দেশজুড়ে জনসমাবেশের ডাক দিল ইরান.
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করতে সোমবার ইরানজুড়ে এক বিশাল জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।.
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির 'ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিল' জনগণকে স্থানীয় সময় বিকেল ৩টায় সারা দেশে 'একযোগে সমবেত' হওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে সমবেত হয়ে তারা নতুন নেতার প্রতি তাদের 'বায়াত' বা আনুগত্যের শপথ ঘোষণা করবে।.
ছবি: স্ক্রিনগ্র্যাব
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী তেহরানের মূল সমাবেশটি অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইনকিলাব (বিপ্লব) চত্বরে। মূলত আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি স্থলাভিষিক্ত হওয়ার পর এই গণ-জমায়েতের ডাক দেওয়া হলো।.
লেবাননের ঘরবাড়িতে সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ.
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের একটি লঙ্ঘন।.
সংস্থাটি তাদের নতুন একটি প্রতিবেদনে জানিয়েছে, তারা সাতটি ছবির সত্যতা নিশ্চিত করেছে। ছবিগুলোতে দেখা গেছে, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকায় আবাসিক অঞ্চলের ওপর সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদ ছোঁড়া হয়েছে এবং এর ফলে সেখানকার অন্তত দুটি বাড়িতে আগুন ধরে গেছে।.
বৈরুতে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স
হিউম্যান রাইটস ওয়াচ-এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, 'আবাসিক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং বেসামরিক নাগরিকদের জন্য এর পরিণতি হবে ভয়াবহ।'.
তিনি আরও যোগ করেন, 'সাদা ফসফরাসের আগুন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা মৃত্যু ঘটাতে পারে অথবা এমন যন্ত্রণাদায়ক জখম করতে পারে যার ফলে মানুষকে সারাজীবন কষ্ট পেতে হয়।'.
শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করল সৌদি আরব.
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন শনাক্ত করার পর তা ধ্বংস করা হয়েছে।.
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি.
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এ তথ্য জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পদের আদান-প্রদান একটি 'দ্বিমুখী প্রক্রিয়া' হওয়া উচিত।.
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্রদের ইউক্রেন সহায়তা করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউনিয়ানের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কি সাংবাদিকদের বলেন, 'আগামী সপ্তাহে আমাদের বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা দেবেন। তারা তাদের বিশেষ সক্ষমতা নিয়েই সেখানে যাচ্ছেন।'.
জেলেনস্কি গত বুধবার জানিয়েছিলেন, ইরানের তৈরি 'শাহেদ' ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই শাহেদ ড্রোনগুলোকেই তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে এই ড্রোনগুলো ধ্বংস করার বিষয়ে কিয়েভের কাছে বিশেষ অভিজ্ঞতা ও কৌশল রয়েছে, যা তারা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায়।.
ফাইল ছবি: সিএনএন
জেলেনস্কি মূলত ড্রোন ধ্বংসের কৌশলের বিনিময়ে আমেরিকার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।.
তিনি বলেন, 'আপনারা জানেন আমাদের কিসের অভাব রয়েছে এবং আমরাও বুঝতে পারছি উপসাগরীয় দেশগুলোর কী প্রয়োজন। তাই এই সহযোগিতা উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হওয়া উচিত।'.
নেতানিয়াহুর সঙ্গে 'যৌথ সিদ্ধান্তেই' ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ কখন থামানো হবে, সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।.
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর সাথে টেলিফোনে আলাপকালে ট্রাম্প রোববার বলেন, এই সংঘাত সমাধানের ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে।.
ছবি: রয়টার্স
ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি এটি পারস্পরিক বিষয়… কিছুটা হলেও। আমরা আলোচনা করছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।'.
'আমরা কুর্দিদের যুদ্ধে জড়াতে দেখতে চাই না': ট্রাম্প.
শনিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা কুর্দিদের যুদ্ধে জড়াতে দেখতে চাই না।'.
তিনি আরও বলেন, 'যুদ্ধকে আমরা বর্তমানের চেয়ে আর বেশি জটিল করতে চাই না। কুর্দিরা হতাহত হোক, তা আমি দেখতে চাই না। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা যুদ্ধে যেতে আগ্রহী, কিন্তু আমি তাদের বলেছি যে আমি তা চাই না।'.
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, গত বৃহস্পতিবার ট্রাম্প তাদের জানিয়েছিলেন যে তিনি ইরানি কুর্দি যোদ্ধাদের অভিযানের পক্ষে। তবে হোয়াইট হাউস আগেই এমন এক প্রতিবেদন নাকচ করে দেয় যেখানে বলা হয়েছিল, ট্রাম্প কুর্দিদের অস্ত্র দেওয়ার কথা ভাবছেন।.
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইরাকের এরবিল শহরের উপকণ্ঠে একটি ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন কুর্দিস্তান ফ্রিডম পার্টি (পিএকে)-এর ইরানি কুর্দি যোদ্ধারা। ছবি: রয়টার্স
উল্লেখ্য, এই কুর্দি যোদ্ধাদের একটি বড় অংশই অতীতে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন বাহিনীর কাছে প্রশিক্ষণ পেয়েছিল।.
এদিকে উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী দলগুলো তাদের যোদ্ধাদের সীমান্ত পার হওয়ার খবরটি অস্বীকার করেছে। কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) হানা ইয়াজদানপানা জানান, কুর্দি যোদ্ধাদের সুরক্ষার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার 'নো-ফ্লাই জোন' [বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা] ঘোষণার দাবি জানিয়েছেন।.
সংঘাত অব্যাহত থাকলে ইরানই সবচেয়ে 'বেশি ক্ষতিগ্রস্ত' হবে: সৌদি আরব.
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পাশাপাশি অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামি দেশগুলোর ওপর ইরানের 'জঘন্য' হামলার তীব্র নিন্দা জানিয়েছে।.
মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দর ও তেল স্থাপনার মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানোই প্রমাণ করে যে তারা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে বদ্ধপরিকর। এটি আন্তর্জাতিক আইন ও সনদের চরম লঙ্ঘন।.
৫ মার্চ সৌদি আরবের রিয়াদে ইরানের হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স
হামলার সপক্ষে ইরানের দেওয়া যুক্তিও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি আরব তাদের ভূখণ্ড ব্যবহার করে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। তবে এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ওই বিমানগুলো কেবল ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে সৌদি আরব এবং জিসিসিভুক্ত দেশগুলোর আকাশসীমা রক্ষায় নিয়মিত টহল দিচ্ছিল।.
ইরানকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা অব্যাহত রাখা মানে সংঘাতকে আরও উসকে দেওয়া, যা বর্তমান ও ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।.
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, 'আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ মোটেও বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। এই সংঘাত ছড়িয়ে পড়লে ইরানই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ হবে।'.
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ.
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরবে জরুরি দায়িত্বে নেই এমন কূটনীতিক ও সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।.
রিয়াদে মার্কিন দূতাবাসের প্রধান কার্যালয়। ছবি: এএফপি
গত রোববার রাতে ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়। মূলত ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার তিন দিনের মাথায় গত সোমবার থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় দেশ থেকে নিজেদের এমন কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল ওয়াশিংটন।.
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলায় দূতাবাস প্রাঙ্গণে আগুন লেগে যায় এবং ভবনের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।.
ইরানের ড্রোন হামলায় বাহরাইনে ৩২ জন আহত.
ইরানের ড্রোন হামলায় বাহরাইনে ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।.
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে অস্ত্রোপচারের প্রয়োজন এমন শিশুও রয়েছে।.
বাহরাইনের মানামায় অবস্থিত দ্য ব্রেকার হাই-রাইজ অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির স্যাটেলাইট চিত্র। ছবি: ইপিএ ইমেজেস
খবরে বলা হয়, রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।.
মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণায় 'খুশি নন' ট্রাম্প.
মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ায় সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।.
ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন, "আমি এতে খুশি নই।".
তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিক মন্তব্য করেননি ট্রাম্প।.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: ব্লুমবার্গ
এর আগে, মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি শুধু বলেন, "কী হয়, দেখা যাবে।".
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।.
তিনি বলেন, "আমি মনে করি এটি পারস্পরিক বিষয়… কিছুটা হলেও। আমরা আলোচনা করছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।".
এ সময় ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান। দুর্নীতির মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু।.
নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে ট্রাম্প বলেন, "বিবি নেতানিয়াহুকে এখনই ক্ষমা করা উচিত। তাকে ক্ষমা না করে হারজগ খুব খারাপ কাজ করছেন বলে আমি মনে করি। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোযোগ দিক, কোনো হাস্যকর ক্ষমার বিতর্কে নয়।".
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছড়িয়ে গেছে। .
ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলার। ২০২০ সালে মহামারি শুরুর পর এটি তেলের দামের সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল।.
প্রতীকী ছবি: রয়টার্স
যুদ্ধ চলতে থাকায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।.
জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বলেন, "বিশ্ব অর্থনীতি এখনো মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল, যা মূলত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়।".
রয়টার্সকে তিনি বলেন, "স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে সংঘাত দ্রুত কমে এলে, তেলের দামও কিছুটা কমতে পারে। কিন্তু কোনো স্পষ্ট রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮০ ডলারের আশপাশে উঁচু অবস্থানেই থাকবে বলে ধারণা করা যায়।".
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা .
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সপ্তাহখানেক পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন তারই ছেলে মোজতবা খামেনি। ওই হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে।.
রোববার দেশটির শীর্ষ আলেমরা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর পড়ল।.
ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সামরিক বাহিনী এবং শীর্ষ নেতারা দ্রুতই নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাত্মক হামলা শুরুর পর থেকে দেশের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।.
মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা "ধর্মীয় ও জাতীয় দায়িত্ব"।.
মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে অংশ নেননি বা জনভোটের মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন ধরেই তিনি সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ বলয়ের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।.
সাম্প্রতিক বছরগুলোতে মোজতবা খামেনিকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বারবার আলোচনায় আনা হচ্ছিল। তার এই নির্বাচিত হওয়া ইঙ্গিত দিতে পারে যে, ইরানের ক্ষমতাকাঠামোর কঠোরপন্থি গোষ্ঠীগুলো এখনো শক্ত অবস্থানে রয়েছে। .
এদিকে, যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে ইরান সরকার কোনো সমঝোতা বা আলোচনায় যেতে খুব একটা আগ্রহী নয়।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: