মানি লন্ডারিং মামলায় আওয়ামী লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা
ঢাকা, ৮ জুলাই: মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম খান।
আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে হেফাজতে রেখে আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন র্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী।
তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এনু, রুপনসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এর আগে, একই আদালত ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড এবং ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করেছিলেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: