বগুড়ার এরুলিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, ডোবায় পড়ে মৃত্যুর প্রাথমিক ধারণা.
বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর বাজার এলাকায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।.
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ওই বৃদ্ধকে শিকারপুর বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এলাকাবাসীর দাবি, তিনি বিভিন্ন বাড়ি ও দোকানে ঘুরছিলেন এবং খাবারের সন্ধান করছিলেন। এর আগে তাকে ওই এলাকায় কখনও দেখা যায়নি বলেও জানান স্থানীয়রা।.
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে বৃদ্ধটি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের একটি জঙ্গলে যান। পরে নিজেকে পরিষ্কার করার জন্য একটি ডোবার কাছে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান বলে স্থানীয়দের ধারণা। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি বাড়ির লোকজন গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।.
উদ্ধারের পর তার পরিচয় জানতে চাইলে তিনি নিজের ঠিকানা "গোদারপাড়া" বলে জানান। পরে স্থানীয়রা গোদারপাড়া এলাকায় যোগাযোগ করেও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান বলে জানান এলাকাবাসী।.
বৃদ্ধের মৃত্যুর পর স্থানীয়রা বগুড়া সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর বা তার বেশি বলে ধারণা করা হচ্ছে।.
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং পরিচয় শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কেও অবহিত করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: