বগুড়ার শাজাহানপুরে আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক কৃষক।.
রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।.
অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আলু হিমাগারে নেওয়ার সময় চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করা হচ্ছে। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে আলু হিমাগারে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদসহ কয়েকজন তার আলুবাহী গাড়ির গতিরোধ করেন।.
এ সময় তারা প্রতি বস্তা আলুর জন্য ২০ টাকা করে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এমনকি তাকে তুলে নেওয়া ও প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।.
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে দ্রুত সরে যান বলে জানা গেছে।.
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত নন এবং তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।.
ঘটনার প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম, জাহাঙ্গীর আলম ও আপেলসহ কয়েকজন স্থানীয় জানান, কৃষকের কাছ থেকে চাঁদা না পেয়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা প্রতিবাদ জানালে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।.
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এক কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, যেখানে পণ্য কেনাবেচা হবে সেখানে সরকার নির্ধারিত খাজনা আদায় হতে পারে। কিন্তু সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ এবং যারা এ ধরনের কাজ করছে তারা কোনো বৈধ ইজারাদার নয়।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: