• ঢাকা
  • শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শজিমেক হাসপাতাল ১৫শ’ শয্যায় উন্নীত হচ্ছে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৯ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালকে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম নুরুল ইরফান জানান, হাসপাতালের চিকিৎসাসেবা আরও আধুনিক ও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার ৫০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।.

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ৫০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা শজিমেক হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি হচ্ছেন। রোগীর সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেলেও চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বাড়ানো হয়নি। বরং অনুমোদিত পদের ১৪ শতাংশ, অর্থাৎ ১৮৭টি পদ এখনও শূন্য রয়েছে। ফলে অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের বারান্দা ও করিডোরেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে অনেককে।.

এদিকে রোগীর চাপ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে হাসপাতালের পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক অবস্থায় রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।.

এর আগে ১৮ জুন অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালটিকে সুপার স্পেশালাইজড হাসপাতালে রূপান্তরের পরিকল্পনাও গ্রহণ করা হয়। পরিকল্পনার আওতায় ৩০টি নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজন, কার্ডিয়াক সার্জারি ইউনিট, কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেবা চালু এবং শিশুদের জন্য আইসিইউ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.

সংশ্লিষ্টদের মতে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র হিসেবে শজিমেক হাসপাতালের সক্ষমতা ও সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ