সিরাজগঞ্জের কাজীপুরে নিজ বসতবাড়িতে নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (১ মার্চ) রাতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।.
অভিযুক্ত শিক্ষকের নাম মাহবুবুর রহমান, যিনি এলাকায় ‘মানিক মাস্টার’ নামে পরিচিত। তিনি স্থানীয় আনোয়ার আজাদ সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাকটর হিসেবে কর্মরত আছেন।.
অভিযান সূত্রে জানা গেছে, শিক্ষক মাহবুবুর রহমান দীর্ঘ দিন ধরে তার বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।.
তল্লাশিকালে বাড়ির আঙিনা থেকে প্রায় ১২ ফুট উচ্চতার একটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করা হয়। অবৈধ মাদক চাষের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।.
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা গাছসহ ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।.
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন আদর্শিক পেশার মানুষ হয়েও বাড়িতে গাঁজা চাষের মতো অপরাধে জড়িত হওয়ায় স্থানীয় মহলে নিন্দার ঝড় বইছে।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: