• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মামলা না নেওয়ার অভিযোগে গাইবান্ধায় গৃহবধূর বিষপান


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৩ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

গাইবান্ধা সদর থানায় সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার মামলা নিতে অস্বীকৃতির অভিযোগ তুলে লজ্জা ও অপমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। তিনি বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরনীবাড়ি গ্রামে ঘটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নুরুন নাহার বেগম ধর্ষণচেষ্টা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আনেন।.

সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় এএইচএম জিয়াউর রহমান খানের বাড়িঘর ও জমিজমা দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। জিয়াউর রহমানের সঙ্গে একই গ্রামের কয়েকজনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল এবং মাটি কেটে বিক্রির ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি সাক্ষী ছিলেন। তার অভিযোগ, ওই মামলার জেরে জিয়াউর রহমানকে ফাঁসাতে তাকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করানোর প্রস্তাব দেয় কবির খান পলাশ, স্বচ্ছ মিয়া, ইমতিয়াজ খান রওনক ও আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্টরা। গত ১৬ ফেব্রুয়ারি তাকে ৫০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয় এবং পরদিন তার শাশুড়িকেও একই প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় ১৭ ফেব্রুয়ারি বিকেলে কয়েকজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তাকে বেদম মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।.

এ ঘটনায় নুরুন নাহার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করতে গেলে তিনি দাবি করেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানান এবং বিষয়টি মীমাংসা করে নিতে পরামর্শ দেন। এতে চরম মানসিক আঘাত ও অপমানবোধ থেকে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।.

সংবাদ সম্মেলনে তার স্বামী আব্দুর রশিদ উপস্থিত থেকে স্ত্রীর নিরপরাধিতা উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ওসির বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে থানা সূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ