• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জ্বালানি সংকট মোকাবিলায় সময়সূচি পরিবর্তন, ব্যয় সংকোচনে সরকারের কঠোর সিদ্ধান্ত


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধজনিত বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।.

এছাড়া, দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।.

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।.

সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে কম্পিউটারসহ নতুন সরঞ্জাম ক্রয় স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।.

জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ে বা উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।.

শিক্ষা খাতেও নতুন নির্দেশনা আসছে বলে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত জানাবে, যাতে শিক্ষাব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।.

পরিবহন খাতে নতুন উদ্যোগ হিসেবে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে নতুন বাস আমদানি করতে পারবে। বেসরকারি খাতে এ সুবিধা থাকলেও বাণিজ্যিক ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পুরোনো বাস আমদানির অনুমতি থাকবে না।.

সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ