বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় ফিরোজা বিবি (৭৯) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।.
স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে বড় মেয়ে শিরি বেগমের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন ফিরোজা। মেয়ের বাড়ি উপজেলার গুজিয়া গ্রামে। মহাসড়ক পার হওয়ার সময় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে যায়।.
দুর্ঘটনার পর স্থানীয়রা ফিরোজা বিবিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।.
নিহত ফিরোজা শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী নিজামুদ্দীন সরকার মারা গেছেন। দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে বড় ছেলে ফেরদৌস হোসেন কয়েক বছর আগে মারা যান। ছোট ছেলে সেলিম সরকার কৃষিকাজ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি বড় ছেলে ফেরদৌসের স্ত্রী রিপা বেগম ও ছোট ছেলে সেলিমের স্ত্রী রেশমা বেগমের সঙ্গে থাকতেন।.
ফিরোজার স্বজনেরা জানান, তাঁর বড় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল। এ জন্য অটোরিকশা ধরতে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। স্বজনদের মতে, এটি নিছক দুর্ঘটনা এবং এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ নেই।.
ফিরোজার পুত্রবধূ রেশমা বেগম বলেন, “মেয়ের বাড়িত বেড়াবার যাওয়ার কথা কয়া হামার শাশুড়ি বিয়ানবেলা বাড়িত থ্যাকে বের হলেন। মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা।”.
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। শুক্রবার বাদ আসর ফিরোজার লাশ দাফনের কথা রয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: