বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনুর আলম শান্ত (৫৫) মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবিন।.
শাহনুর আলম শান্ত উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে।.
কারা সূত্রে জানা যায়, বগুড়া সদরের একটি বিস্ফোরক মামলায় গত ৪ জানুয়ারি তাঁকে বগুড়া জেলা কারাগার-এ পাঠানো হয়। পরে ১৭ জানুয়ারি তাঁকে সেখান থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার-এ স্থানান্তর করা হয়।.
বগুড়া কারাগারের জেলার নুরুল মুবিন বলেন, মৃত্যুর বিস্তারিত বিষয়ে জানতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।.
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তায়েবা জানান, অসুস্থ হয়ে পড়লে শাহনুর আলম শান্তকে হাসপাতালে পাঠানো হয়েছিল। এর আগেও দুবার অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।.
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই অমিত হাসান বলেন, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিনের ওপর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।.
তবে স্থানীয় বাসিন্দা রজব আলী দাবি করেন, গত ৪ জানুয়ারি বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকায় সদর থানার পুলিশের হাতে শান্ত গ্রেপ্তার হন। আওয়ামী লীগের নেতা হিসেবে সেদিন রাত ১২টার পর কিছু স্থানীয় ব্যক্তি তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সদর থানার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।.
তিনি আরও বলেন, ২০১৮ সালের এক সড়ক দুর্ঘটনায় শান্ত তাঁর ডান পা হারান এবং ডান হাতে রড বসানো ছিল। তিনি কৃত্রিম পায়ের সাহায্যে চলাচল করতেন এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কারা কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ চিকিৎসার অভাবেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।.
রজব আলীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বগুড়া শহরের নারুলী এলাকা থেকে ‘মব সন্ত্রাসের’ মাধ্যমে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।.
শান্তর ছোট ভাই ফারুক মিয়া বলেন, “শান্তর একমাত্র মেয়ে বগুড়া বিয়াম মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুতে মেয়েটি এতিম হয়ে গেল।”.
তিনি আরও জানান, কারাগার থেকে মরদেহ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গ্রামের বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: