অবশেষে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বগুড়া। স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার রাতে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বগুড়া পৌরসভা এখন পূর্ণাঙ্গ সিটি করপোরেশনে রূপ নিল।নতুন এই সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড থাকবে। গেজেট প্রকাশের পর এখন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার। জানা গেছে, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব পদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে থাকবেন সরকারের একজন যুগ্ম সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও আশপাশের সম্প্রসারিত এলাকাকে একীভূত করে বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। এ লক্ষ্যে সরকার গণবিজ্ঞপ্তির মাধ্যমে মতামত আহ্বানের নির্দেশ দিলে বগুড়ার জেলা প্রশাসক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন জমা দেন। পরে সেই প্রতিবেদন বিবেচনা করে সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।.
যেসব এলাকা নিয়ে গঠিত হলো বগুড়া সিটি করপোরেশন.
নতুন সিটি করপোরেশনের সীমানায় বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।.
.
উত্তরে : নিশিন্দারা, রাজাপুর (আংশিক) ও শাখারিয়া ইউনিয়ন.
.
দক্ষিণে : আশেকপুর, মাদলা ও মাঝিড়া ইউনিয়ন.
.
পূর্বে : সাবগ্রাম, রাজাপুর ও মাদলা ইউনিয়নের অংশ.
.
পশ্চিমে : ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়ন.
.
এর আগে গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।.
.
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়া সিটি করপোরেশনের নাগরিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে ওয়াশা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে “বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)” গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।.
.
তিনি আরও বলেন, সিটি করপোরেশনে মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এছাড়া নির্বাচন না হওয়া পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনার অথবা অতিরিক্ত সচিব পদমর্যাদার কোনো কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক ব্যক্তিকেও প্রশাসক হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে বলে জানান তিনি।.
.
বগুড়া সিটি করপোরেশন গঠনের ফলে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও নগর পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: