বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরীক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এ ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।.
রোববার (২৬ এপ্রিল) সকালে সারা দেশের মতো বগুড়াতেও এসএসসি ও সমমানের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এদিন ‘সেট-১’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সোনাতলা উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভুলবশত ‘সেট-৩’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।উপজেলার মোট ছয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিতে সঠিক সেটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও শুধু ওই কেন্দ্রেই এই ভুল ঘটে। পরীক্ষা চলাকালেই বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।.
পরীক্ষা শেষে কেন্দ্রটির ৬৯৮ জন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ভবিষ্যৎ ফলাফল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের প্রধান ফটক ও কিছু আসবাবপত্র ভাঙচুর করে প্রতিবাদ জানান। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।.
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক জানান, ঘটনার দায়ে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহাদুজ্জামানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।অপসারিত কেন্দ্র সচিব মো. শাহাদুজ্জামান বলেন, প্রশ্নপত্রের প্যাকেটের বাইরে ‘সেট-১’ লেখা থাকলেও ভেতরে ‘সেট-৩’ এর প্রশ্নপত্র ছিল। বিষয়টি বুঝতে না পেরে সেটিই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে কেন্দ্র এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: