• ঢাকা
  • মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে অন্তঃসত্ত্বা সামিয়া: ঈদের আনন্দ বিষাদে নীল


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৬ পিএম
সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে অন্তঃসত্ত্বা সামিয়া: ঈদের আনন্দ বিষাদে নীল
ছবি: প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি:.

ভেবেছিলেন ঈদের উপচে পড়া ভিড় আর যানজট এড়িয়ে একটু শান্তিতেই বাড়ি ফিরবেন। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবস্থার কথা চিন্তা করে ঈদের দিনগুলোতে ঢাকাতেই থেকে গিয়েছিলেন স্বামী সাগর আলী। ইচ্ছা ছিল, ভিড় কমলে সাবধানে প্রিয়তমাকে নিয়ে ফিরবেন দিনাজপুরের চিরিরবন্দরের গ্রামের বাড়িতে। কিন্তু সেই সাবধানতা কিংবা অপেক্ষার কোনো মূল্য দিল না ঘাতক মহাসড়ক। বগুড়ার শাজাহানপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা গৃহবধূ সামিয়া। তার অনাগত সন্তানের পৃথিবীর আলো দেখা হলো না, আর স্বামী সাগর আলীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তেই।.

গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে বগুড়া-রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন ফটকি ব্রিজ ও করিম তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসবাবপত্র বোঝাই করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-২২-৪৯১৩) নিয়ে স্বামী ও স্বজনদের সঙ্গে দিনাজপুর যাচ্ছিলেন সামিয়া। ট্রাকটি ফটকি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ট্রাকের ওপরে বসা সামিয়া ও তার স্বামী সাগর আলী ছিটকে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন।.

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সামিয়া। গুরুতর আহত হলেও স্বামী সাগর আলী প্রাণে বেঁচে যান, কিন্তু তার চোখের সামনেই শেষ হয়ে যায় তার পৃথিবী।.

হাসপাতালের করিডোরে ডুকরে কেঁদে উঠছিলেন সাগর আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ভিড়ের ভয়ে ঈদে বাড়ি যাইনি। ভেবেছিলাম জ্যাম কমলে ওকে নিয়ে শান্তিতে বাড়ি যাব। আমার অনাগত সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিল সামিয়া। এখন আমি কাকে নিয়ে বাড়ি ফিরব?" সাগরের এই আহাজারিতে হাসপাতালের বাতাসও যেন ভারী হয়ে উঠছিল।.

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সড়কে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.

নিহত সামিয়ার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায়। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও, আজ সেই বাড়িতে ফিরছে সামিয়ার নিথর দেহ। এক অনাগত প্রাণের অকাল প্রয়াণ আর এক পরিবারের স্বপ্নভঙ্গের গল্প হয়ে রইল এই দুর্ঘটনা।. .

Ajker Bogura / আব্দুল ওয়াদুদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ