.
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হলে প্রথমবারের মতো ১ম থেকে ২০তম গ্রেডের সব সরকারি কর্মচারী মোবাইল ভাতার আওতায় আসবেন। বর্তমানে মূলত পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা এ সুবিধা পাচ্ছেন।.
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্তের কথা জানানো হয়।.
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাবে ১ম থেকে ৩য় গ্রেডে মাসে ১ হাজার ৫০০ টাকা, ৪র্থ ও ৫ম গ্রেডে ১ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডে ৪০০ টাকা মোবাইল ভাতার প্রস্তাব করা হয়েছিল।.
তবে সচিব কমিটি ভাতার হার যৌক্তিকীকরণের সুপারিশ করেছে। সুপারিশ অনুযায়ী, ১ম থেকে ৫ম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।.
সচিব কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারি দাপ্তরিক কাজে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার এখন সব স্তরের কর্মচারীর জন্য প্রয়োজনীয়। এ কারণে সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় রাখার সুপারিশ করা হয়েছে।.
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এর বাস্তবায়ন হবে।.
নতুন বেতনস্কেলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী উপকৃত হবেন। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী এর সুফল পাবেন।.
এ ছাড়া নতুন বেতনস্কেলে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: