বরিশাল নগরীতে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা ও রিকশার সংখ্যা। এসব যানবাহনের ব্যাটারি চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এতে নগরের বিদ্যুৎ ব্যবস্থার ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ।
বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সম্ভাব্য হিসাবে, নগরীতে প্রায় ৩০ হাজার হলুদ অটোরিকশা ও ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। অর্থাৎ মোট যানবাহনের সংখ্যা প্রায় ৭০ হাজার।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, একটি অটোরিকশার ব্যাটারি একবার চার্জ দিতে প্রায় ১০ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। অনেক চালক দিনে দুইবার ব্যাটারি চার্জ করেন। তবে একবার চার্জ হিসাব করলেও ৭০ হাজার যানবাহনে প্রতিদিন প্রায় ৭ লাখ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। প্রতি ইউনিট ১৪ টাকা ৫০ পয়সা হিসাবে এর আর্থিক মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
নগরীতে ব্যাটারি চার্জিংয়ের জন্য ১২৭টি গ্যারেজে বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে প্রায় ২০০টি গ্যারেজে বাণিজ্যিক মিটার নেই বলে সংশ্লিষ্টদের দাবি। এসবের কিছুতে আবাসিক সংযোগ ব্যবহার এবং কোথাও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগও রয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অবৈধ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও চার্জিং ব্যবস্থাকে নিয়মের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: