বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় র্যাব–১২ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এ সময় র্যাব–১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা অনুযায়ী অবৈধভাবে পলিথিন উৎপাদন ও মজুতের দায়ে কারখানার মালিক মো. আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং পরিবেশ রক্ষার স্বার্থে কারখানাটি সিলগালা করা হয়েছে।
র্যাব–১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.
প্রতিবেদক : মোহাম্মদ মুরাদ. .
Ajker Bogura / মোহাম্মদ মুরাদ
আপনার মতামত লিখুন: